রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন করে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তারা দুজনই তথ্য ক্যাডারের কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন-কে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাত-কে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে আরও দুই কর্মকর্তা যুক্ত হলেন।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয়। পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগের প্রেস সচিব সরওয়ার আলমকে পুনরায় একই পদে নিয়োগ দেন।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে কমডোর মো. আসাদুজ্জামান-কে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তার-কে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।