| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45567 বার পঠিত
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তি বা চক্র বিচারপতির ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে। এর মাধ্যমে বিভিন্ন অপকর্ম সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি আবেদনপত্রের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সিনিয়র সচিব এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ মার্চ বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন বিষয়টি গুরুত্ব পায়নি। পরে হ্যাকিংয়ের বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই তার অ্যাকাউন্টগুলো বেদখলে চলে যায়।

গত ২২ মার্চ মোবাইল ফোনটি ব্যবহার করতে ব্যর্থ হলে তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সহায়তা নেন। পরে ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণ সফটওয়্যার অপসারণ করা হয়।

তানভীর হাসান জোহা জানান, প্রতারণামূলক লিংকে প্রবেশ বা অননুমোদিত অ্যাপ ডাউনলোডের কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, মোবাইল ফোনটি আপাতত নিয়ন্ত্রণে আনা গেলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪