| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45588 বার পঠিত
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ)  দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে ডা. জুবাইদা রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে। এ লক্ষ্যে উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবাকে শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে। একজন চিকিৎসক হিসেবে শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাথমিক পর্যায় থেকেই রোগ প্রতিরোধে জোর দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের ওপর। আজ আমরা তাদের যে শিক্ষা ও মূল্যবোধ দিচ্ছি, তার মাধ্যমেই তারা আগামী দিনের জাতি গঠন করবে।

তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করে শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

শহর ও গ্রামের বৈষম্য দূরীকরণে প্রযুক্তির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এড-টেক খাত এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এসব প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উল্লেখ করেন, মেয়েদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে সরকার স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে।

এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্বের শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪