দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে উপস্থিত হন এবং আগত বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এর পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় জ্বালানি খাতের চলমান পরিস্থিতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।
সরকারি সূত্রে আশা প্রকাশ করা হয়েছে, এই সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।