দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে জনগণকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল আমদানি করছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত জ্বালানির দাম বাড়ানো হচ্ছে না। এ অবস্থায় জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
ডা. জাহেদ জানান, কাতারের জ্বালানি খাতে বিশেষ করে গ্যাসক্ষেত্রে হামলার কারণে প্রায় ২০ শতাংশ ক্ষতি হয়েছে। এর ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য নির্ধারিত এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুত করছে কিনা, তা খতিয়ে দেখতে সরকার নজরদারি বাড়াবে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় থেকে বিরত থাকার আহবান জানান।