| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক তারেক গ্রেফতার

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45440 বার পঠিত
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক তারেক গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল।

বুধবার (২৫ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করা হয়।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা ও গুলি চালায়।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই শাহ আলী প্লাজা সংলগ্ন এলাকায় বাদী বশির উদ্দিন হেঁটে যাওয়ার সময় আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বশির উদ্দিনের পেটের ডান পাশে গুলি লাগে, যা পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর বশির উদ্দিন কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, তরিকুল ইসলাম তারেক এর আগে কাফরুল থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪