১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরুটা হয় এই দিনে। এরপর ৯ মাসের প্রাণপণ যুদ্ধের পর বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা দিবস। আজকের দিনটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি হয়ে আছে। গণহত্যা থেকে মুক্তির শপথ নেয়ার এই দিনে জাতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের।
এই প্রাঙ্গণ, এই স্মৃতির মিনার, যেখানে প্রতিফলিত হচ্ছে জাতির সূর্য সন্তানদের ত্যাগ, সাহস আর ভালোবাসা। শহিদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া-মোছার কাজ শেষে তুলির আঁচড়ে নতুন রূপে সেজেছে পুরো আঙ্গিনা। বাহারি রঙের ফুলে সাজানো পুরো চত্বর। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে তৈরি সেনাবাহিনীর সদস্যরা। স্মৃতিসৌধের আশেপাশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো হয়েছে সিসি ক্যামেরা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার মাধ্যমে শুরু হয়েছে হবে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণিপেশার মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে।