মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণের শহীদ বেদী ফুলে ফুলে ভরে উঠে। সকাল ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা একে একে শ্রদ্ধা জানানোর পরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের জন্য স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
সকাল থেকেই আগতরা দলবদ্ধভাবে আবার অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করে দিনটি স্মরণীয় করে রাখতে শ্রদ্ধা নিবেদন করেন।