কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ছোড়া দুটি ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরেও জ্বলছে আগুন। আজ বৃহস্পতিবার পর্যন্ত কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পরিস্থিতি খুব একটা ভালো নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।
বিশ্লেষকেরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একটি বা দুটি ড্রোন ও যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তখন সে ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ। এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) জিসিসিভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর জানিয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনার আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দেশটির সেনাবাহিনীর দাবি। এদিকে ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে,ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা নিশ্চিত করেছে।