| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 44142 বার পঠিত
পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) পাঠানো এই নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে নোটিশটি প্রেরণ করেন।

নোটিশে বলা হয়, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা কিংবা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

এতে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সতর্কতাও দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪