জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি সংস্থাটির অবিচল সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর-এ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক ইস্যুও গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর সৃষ্ট অসম প্রভাবের বিষয়টি তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে বাংলাদেশ ও জাতিসংঘ-এর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।