রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় রাজধানীবাসী অনেকেই তেলের জন্য ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। সীমিত পরিসরে খোলা থাকা কয়েকটি পাম্পে মধ্যরাতেও তৈরি হয়েছে দীর্ঘ লাইন।
গভীর রাতেও হেডলাইটের আলোয় ভেসে উঠছে অপেক্ষার ক্লান্তি ও অনিশ্চয়তা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই কাঙ্ক্ষিত তেল নিতে পারছেন না।
সাকিব নামের এক গ্রাহক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তবে সন্ধ্যায় লাইনে দাঁড়ানো তাদের ঘোরাঘুরি এখন রূপ নিয়েছে দুঃসহ অপেক্ষায়। সাকিব বলেন, “আত্মীয়ের বাসায় দাওয়াতে যাওয়ার কথা ছিল। তেল নিতে অপেক্ষা করছি রাত ৭টা থেকে। এখন রাত ১টা, এখনও লাইনে দাঁড়িয়ে আছি।”
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে দেশে তেলের ঘাটতি তৈরি হয়েছে এবং এর ফলে রাজধানীতে তীব্র তেলের সংকট দেখা দিয়েছে।