বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়লেও বাংলাদেশের জনগণের স্বার্থে সরকার এখনই তেলের মূল্যবৃদ্ধি করার পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার ( ২৭ মার্চ ) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের মূল্যও বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য ভীষণ চাপ সৃষ্টি করে। তাই বিশ্বের ৮০টি দেশ মূল্যবৃদ্ধি করলেও বাংলাদেশ তা করেনি। বর্তমানে জ্বালানি খাতে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
অনিন্দ্য ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে জ্বালানির চাহিদা অস্বাভাবিক বেড়েছে। মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, ঈদের আগে তা দৈনিক ২৪-২৫ হাজার টনে পৌঁছেছে। এপ্রিল মাস পর্যন্ত জ্বালানির চাহিদা নিশ্চিত করা হয়েছে এবং আগামী ৯০ দিনের মজুত নিশ্চিত করার জন্য কাজ চলছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
আলোচনা শেষে তিনি ১৫৩ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্ব করেন। এছাড়া জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন উপস্থিত ছিলেন।