ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পালা শুরু হয়েছে। গতকালের পর আজও (শনিবার) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ রাজধানীতে পৌঁছাচ্ছেন।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাস থেকে নেমেই কেউ নিজ বাসার দিকে যাচ্ছেন আবার কেউ সরাসরি অফিসের পথে রওনা দিচ্ছেন।
ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় যাত্রীরা অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। দিনাজপুর থেকে আসা শফিকুল ইসলাম জানান, রাতেই রওনা দিয়েছি। সকালে ভালোভাবে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল অফিস আছে, তাই আজকেই চলে এসেছি।
কুড়িগ্রাম থেকে আসা মশিউর রহমান তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ে নিয়ে জানান, গতকাল সন্ধ্যায় রওনা দিয়েছিলেন। তিনি বলেন, টাঙ্গাইলে একটি দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে ধীরগতি ছিল। তবে সেতুর চার লেন ঢাকাগামী যানবাহনের জন্য উন্মুক্ত থাকায় কিছুটা দ্রুত এসেছি।
গাবতলীর এক বাস শ্রমিক বলেন, ঈদের ছুটির পর রাজধানী তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরার চাপ থাকলেও রাস্তায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা হয়নি। আজকের চাপ কম, অফিসের জন্য যাত্রীরা আজ আসছেন। আগামীকাল কিছুটা চাপ থাকতে পারে।
বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজট না থাকায় ভ্রমণে সময় কম লেগেছে এবং ক্লান্তি তুলনামূলক কম।