দেশে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা খাতে নতুন উদ্যোগ নেয়ার কথা ভাবছে সরকার। সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা বিশেষ করে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে, তাই জ্বালানি সাশ্রয়ে বিকল্প ব্যবস্থা খুঁজছে সরকার।
শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন খাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে স্কুলগুলো সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন খোলা রাখা এবং অন্তত তিন দিন অনলাইনে ক্লাস পরিচালনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় এই পদ্ধতি কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে জরিপ অনুযায়ী প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, এ বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।