ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক আজ মঙ্গলবার (৩১ মার্চ ) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে শুরু হয়েছে।
এর আগে গত ১২ মার্চ এ অধিবেশন শুরু হয়। টানা দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ সংসদের অধিবেশন মুলতবি করে ২৯ মার্চ বিকেল তিনটা পর্যন্ত স্থগিত রাখা হয়। পরবর্তীতে ২৯ মার্চ থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে বিরোধীদলীয় নেতার উত্থাপিত একটি মুলতবি প্রস্তাবের ওপর দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। কার্যসূচির শেষ অংশে এ প্রস্তাবটি আলোচনার জন্য তোলা হবে।
এদিকে, গত রোববারের অধিবেশনে মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে হওয়া বাক্যবিনিময়ের জেরে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানা গেছে।