বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড ও জ্বালানি সংকট মোকাবেলায় বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তেজগাঁও কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন প্রকল্প এবং বিনিয়োগ প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে এআইআইবির সহযোগিতা বিষয়ে উভয়পক্ষ খোলামেলা মতবিনিময় করেছেন।
বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে এআইআইবির ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া বিনিয়োগ বান্ধব নীতি এবং প্রকল্পের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবসায়ীদের মতামতও নেওয়া হয়েছে। নতুন প্রকল্প ছাড়াও বন্ধ থাকা সরকারি প্রকল্প চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।