| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ

সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 28308 বার পঠিত
সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকর বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার অগ্রগতিতে জানা যায়, এ পর্যন্ত চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন গত ১২ মার্চ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাক্ষ্য দেন। ৬৫ বছর বয়সী এই সাক্ষী তার ছেলে হত্যার জন্য সালমান এফ রহমান ও আনিসুল হককে সরাসরি দায়ী করে বিচার দাবি করেন।

এর আগে দ্বিতীয় সাক্ষী হিসেবে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদারও আদালতে জবানবন্দি দেন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে আনুষ্ঠানিক চার্জ দাখিল করে, যা একই দিনে আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে ২২ ফেব্রুয়ারি থেকে মামলাটিতে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলাটির পরবর্তী কার্যক্রম ঘিরে আদালত ও সংশ্লিষ্ট মহলে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪