মো.খায়রুল আলম খান : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে গুম ও খুন সংক্রান্ত মামলায় এখনো পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ। তবে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাম্প্রতিক অভিযানিক সাফল্য ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
র্যাবের ক্রসফায়ার সংক্রান্ত নথি তলব ও মামলার তদন্তে সহযোগিতা প্রসঙ্গে ডিজি বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে সহায়তা চাওয়া হলে র্যাব তা প্রদান করবে। আমাদের কাছে যা তথ্য আছে, তা আমরা দেবো। যদি কোনো তথ্য না থাকে, সে ক্ষেত্রে অপারগতা জানানো হবে, যোগ করেন তিনি। তবে এ বিষয়ে এখনো ট্রাইব্যুনাল র্যাবের সঙ্গে যোগাযোগ করেনি বলেও জানান।
র্যাব বিলুপ্তির দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের। র্যাবের কাজ হলো দায়িত্ব পালন করা এবং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।
বাহিনীটি অতীতে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে র্যাবের কার্যক্রম পর্যালোচনা করলে অপকর্মের নজির কম দেখা যাবে। সঠিকভাবে পরিচালনা করা হলে র্যাব কার্যকরভাবে কাজ করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেন।
জলদস্যুতা, বিচ্ছিন্নতাবাদ ও অন্যান্য অপরাধ দমনে নতুন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডিজি বলেন, র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে এবং এ বিষয়ে কাজ চলছে।
জঙ্গিবাদ প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও তিনি বলেন, যে কোনো ধরনের অপরাধ নির্মূলে আমরা কাজ করছি এবং তা করতে সক্ষম হবো।
কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি দেশে ক্রমেই গুরুতর আকার ধারণ করছে। পুলিশ ও র্যাব যৌথভাবে এ বিষয়ে কাজ করছে এবং গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের পুনর্গঠন বা নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে মানবাধিকার লঙ্ঘন বা অন্য অভিযোগের ক্ষেত্রে অভ্যন্তরীণ তদন্ত অব্যাহত রয়েছে এবং কোনো সদস্যকে ছাড় দেওয়া হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কিছু ভুল বা বিচ্যুতি ছিল, যা থেকে শিক্ষা নিয়ে র্যাব এখন কার্যক্রমে উন্নতি আনার চেষ্টা করছে। এসব সমস্যার সমাধান হলে নিষেধাজ্ঞাও ভবিষ্যতে প্রত্যাহার হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিয়াদ/ হাফিজ/ আয়না নিউজ