| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিভেদ ভুলে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 28113 বার পঠিত
বিভেদ ভুলে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি: প্রধানমন্ত্রী

“ধর্ম যার যার, দেশটা সবার বিভেদ ভুলে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।  দেশের সব ধর্মের মানুষের প্রতি ঐক্যের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে দেখে এবং একটি সুখী, সমৃদ্ধ “বেটার বাংলাদেশ” গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। 

তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মাবলম্বীর সমর্থনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দেশের দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। তার ভাষায়, “মনে হয়েছিল যেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।” একই সঙ্গে তিনি চলমান ইসরায়েল-ইরান যুদ্ধ এর প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান।

সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তারা ফ্যামিলি কার্ড কর্মসূচি, কৃষকদের ঋণ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও খ্রিষ্টান যাজকদের জন্য সম্মানী ভাতা প্রদানের ইতিবাচক প্রভাব তুলে ধরেন। এ সময় তারা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মতবিনিময় সভায় প্রতিনিধি দল জাতীয় সংসদে খ্রিষ্টান নারী প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং ইস্টার সানডে-তে সরকারি ছুটি ঘোষণার দাবি জানায়। প্রধানমন্ত্রী এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ সভায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইস্টারের শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪