প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার অতীতের মতো সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আগ্রহী নয়।
রোববার (৫ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এ অবস্থায় বর্তমান সরকার কি আবারও নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে, নাকি সকল যোগ্য এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখবে?
জবাবে মন্ত্রী স্পষ্টভাবে জানান, সরকার সিন্ডিকেটভিত্তিক পদ্ধতিতে ফিরতে চায় না। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রতিযোগিতা নিশ্চিত করে সকল যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরও জানান, এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন এর মাধ্যমে দুই দেশের মধ্যে পত্র যোগাযোগ অব্যাহত রয়েছে।
সরকারের এই অবস্থানকে শ্রমবাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ