| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক শুরু, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 26249 বার পঠিত
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক শুরু, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়। এতে  সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

এবারের বৈঠকে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি।

রীতি ভেঙে এবার একনেক বৈঠক পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে আয়োজন করা হচ্ছে। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তটি জানানো হয় রোববার রাতে, যা প্রশাসনিক মহলে কিছুটা ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, করতোয়া নদী পুনরুদ্ধার প্রকল্পে প্রস্তাব করা হয়েছে প্রায় ১,১০০ কোটি টাকা। এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের জন্য প্রস্তাবিত ব্যয় ৩,৬৬৬ কোটি টাকা।

এছাড়াও রাজধানী ঢাকা-তে পানি সরবরাহ উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। তবে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পটি এবার একনেকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২৪ ফেব্রুয়ারি একনেক পুনর্গঠন করা হয়। এতে তারেক রহমান-কে সভাপতি এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে বিকল্প সভাপতি করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪