ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং এতে করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশের দাম চলে আসবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে আগামীকাল ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালন করা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।
তিনি আরও বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে। এই সময় সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত কঠোর নজরদারি জোরদার করা হবে।
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার নিয়মিতভাবে ইলিশ রফতানি করে না; বরং সৌজন্যমূলকভাবে কিছু ইলিশ পাঠানো হয়। এ বছর পহেলা বৈশাখে তা করা হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজন হলে জেলেদের আরও খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
হাফিজ/ আয়না নিউজ