| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে আরো ৮ বিল পাস

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 23455 বার পঠিত
সংসদে আরো ৮ বিল পাস

জাতীয় সংসদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে মোট ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে ৮টি পূর্বে জারি করা অধ্যাদেশ এবং একটি নতুন বিল অন্তর্ভুক্ত রয়েছে। বিলগুলো কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পাস হওয়া মোট ৯টি বিলের বিষয়ে সংসদের বিশেষ কমিটি সুপারিশ করেছিল, এগুলো যেন হুবহু অনুমোদন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদের বিশেষ কমিটি আগেই সুপারিশ করেছিল যে, বিলগুলো কোনো ধরনের সংশোধন ছাড়াই হুবহু পাস করা হোক। ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এসব বিল নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াই দ্রুত পাস হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সংশোধনী বিল। আইনমন্ত্রী বিলটি উপস্থাপন করে জানান, নতুন আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই আইন সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

এছাড়া স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট একাধিক সংশোধনী বিলও পাস হয়েছে, যেগুলোর বেশিরভাগই নাম পরিবর্তনসংক্রান্ত। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। একই সঙ্গে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ও উপস্থাপন করা হয়।

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে অনুমোদন পায়।

এছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আরও চারটি গুরুত্বপূর্ণ বিল—‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’, ‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০২৬’—পাসের প্রস্তাব উত্থাপন করলে সেগুলোও পৃথকভাবে কণ্ঠভোটে অনুমোদন পায়।

সংসদের এই অধিবেশনে দ্রুততার সঙ্গে বিল পাস হওয়ায় সরকারের আইন প্রণয়নের অগ্রাধিকার ও অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪