| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 22961 বার পঠিত
শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। পাশাপাশি একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি জানান, সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে ১,৫০০ প্রতিষ্ঠানকে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও  বলেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি এবং ৮,২৩২টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪