| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি পাড়ি দিতে যাত্রা শুরু ‘এমভি বাংলার জয়যাত্রার

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 22889 বার পঠিত
হরমুজ প্রণালি পাড়ি দিতে যাত্রা শুরু ‘এমভি বাংলার জয়যাত্রার

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের লক্ষ্যে নোঙর তোলে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর মালিকানাধীন এই জাহাজে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। প্রায় ৩৭ হাজার টন সারবোঝাই জাহাজটি ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল গতিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান গণমাধ্যমকে জানান, বর্তমানে তারা হরমুজ প্রণালি থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন। এই পথ অতিক্রম করতে আরও প্রায় ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।

বিএসসি সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যায়।

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিএসসি জাহাজটিকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও উত্তপ্ত পরিস্থিতির কারণে এটি হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে। ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়।

দীর্ঘদিন অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে থাকার পর যুদ্ধবিরতির ফলে জাহাজটি অবশেষে নিরাপদে আন্তর্জাতিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, যাত্রা নির্বিঘ্ন থাকলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪