পরিবেশ সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুইদিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা মানুষ প্রায়ই পুরোপুরি উপলব্ধি করতে পারে না যতক্ষণ না তারা এর সরাসরি প্রভাবের মুখোমুখি হয়। তাই এখনই এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আচরণগত পরিবর্তন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ