ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম দিনে জাতীয় সংসদে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিতকরণ বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এই বিল পাস হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা বাতিল হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি বিল আকারে সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বিলের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ১৫ অক্টোবর গেজেট আকারে এই আইন জারি হয়েছিল। ২০১৫ সালের ২৫ মে পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে একক পরিবারের জন্য বিশেষ সুবিধা প্রদানের কারণে এটি একটি সুস্পষ্ট বৈষম্য তৈরি করেছিল। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।
রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়েছিল। বুধবারের সংসদে বিল পাসের মাধ্যমে সেই অধ্যাদেশ স্থায়ী আইনে পরিণত হলো।
এর ফলে, আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা এবং তাদের সন্তানদের জন্য প্রদত্ত আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ অন্যান্য সুবিধা বিলুপ্ত হলো।
হাফিজ/ আয়না নিউজ