| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ এর টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 21209 বার পঠিত
বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ এর টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

 দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।  তদন্ত জোরদারে চোরাচালান চক্রকে শনাক্ত করতে সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মীসহ সব যাত্রীর বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ। এ ছাড়াও ফ্লাইটের ভেতরের সিসিটিভি ফুটেজ, বোর্ডিং ব্রিজ ও রানওয়ে এলাকার ভিডিও সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৮ মার্চ রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে সি-০২ বোর্ডিং ব্রিজে অবস্থান নিলে বিমানে তল্লাশি চালিয়ে শৌচাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর থানা। এঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা আবুল কাইয়ুম জানিয়েছেন,এত বড় পরিমাণ স্বর্ণের চালান কীভাবে বিমানে প্রবেশ করল এবং কারা এর সঙ্গে জড়িত রয়েছে, তা উদঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তদন্তের স্বার্থে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সবার তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য ও ভিডিও ফুটেজ হাতে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

 বিমানবন্দরের একটি সূত্র জানায়, চিঠিতে ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের পূর্ণাঙ্গ পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও বায়োডাটা চাওয়া হয়েছে। একই সঙ্গে এয়ারক্রাফটের টেকনিক্যাল মেকানিক, হেলপার ও ক্লিনিং স্টাফদের তথ্যও চাওয়া হয়েছে। এ ছাড়া যাত্রীদের তালিকা, পাসপোর্ট নম্বর এবং ভ্রমণসংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় সব তথ্য হাতে এলে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।



এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪