জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ২০২৬’। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মো. আসাদুজ্জামান অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেছিলেন। এছাড়া, গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়।
নতুন এই আইনের আওতায় রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ—‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে। তবে এসব কলেজ তাদের নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং সম্পত্তির অধিকার বজায় রাখবে।
অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলসহ একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো থাকবে। রাষ্ট্রপতি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সিনেটের সুপারিশকৃত প্যানেল থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি, মূল্যায়ন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ক্ষমতা পাবে।
নতুন বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলাসহ বিভিন্ন বিষয়ে পৃথক স্কুল গঠন করা হবে। প্রতিটি স্কুলের নেতৃত্বে থাকবেন একজন ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও কাঠামো অনুযায়ী পরিচালিত হবে।