| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রামীণ ব্যাংক সংশোধন বিল সংসদে পাস

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 19202 বার পঠিত
গ্রামীণ ব্যাংক সংশোধন বিল সংসদে পাস

গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধনের লক্ষ্যে প্রণীত গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে প্রস্তাব উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধনের জন্য আনা এই বিলটি সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছেন। পরে ডেপুটি স্পিকারের অনুমতি সাপেক্ষে তিনি বিলটি উত্থাপন করেন এবং তা অবিলম্বে বিবেচনার প্রস্তাব দেন।

ডেপুটি স্পিকার বিলটি তাৎক্ষণিক বিবেচনার জন্য ভোটে দিলে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করেন। বিলটির দফা-ওয়ারি কোনো সংশোধনী না থাকায় পরবর্তীতে দফাগুলো সংসদের সামনে উপস্থাপন করা হয় এবং কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এর আগে, ২০২৫ সালের মে মাসে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধন করে অন্তর্বর্তী সরকার ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে, যার গেজেট প্রকাশিত হয়। ওই অধ্যাদেশের ভিত্তিতেই নতুন এই বিলটি প্রণয়ন করা হয়েছে।

সংশোধিত আইনে গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকারের অংশীদারিত্ব ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে। ফলে ব্যাংকের পরিশোধিত ৩০০ কোটি টাকার মূলধনের ৯০ শতাংশ মালিকানা এখন ঋণগ্রহীতা বা শেয়ারহোল্ডারদের হাতে যাবে, যা আগে ছিল ৭৫ শতাংশ।

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। নতুন ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে, যিনি গ্রামীণ অর্থনীতি বা নারীর ক্ষমতায়ন বিষয়ে বিশেষজ্ঞ অথবা সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন হবেন। তিনি বোর্ডের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন এই আইন কার্যকর হলে গ্রামীণ ব্যাংকের প্রশাসনিক ও মালিকানা কাঠামোয় আরও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪