জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ–২০২৬” জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।পরে কণ্ঠভোটে বিলটি পাস হয় এবং স্পিকার এর পাসের ঘোষণা দেন।
বিলটি পাসের পর সংসদ সদস্যরা করতালি ও টেবিল চাপড়িয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে এ বিষয়ে সহযোগিতামূলক অবস্থান দেখা যায়। আইনটির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন এবং আন্দোলনের ইতিহাস সংরক্ষণের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছিল, যা পরবর্তীতে সংসদে পাসের মাধ্যমে স্থায়ী আইনে রূপ নিল।
একই অধিবেশনে “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল–২০২৬”ও জাতীয় সংসদে পাস হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের কিছু আপত্তি থাকলেও স্পিকার তা গ্রহণ করেননি।
এই আইনের মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস, দলিল ও নিদর্শন সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের জন্য একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার পথ সুগম হলো।
হাফিজ/ আয়না নিউজ