রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নানা সমস্যা ও অভিযোগ শুনেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি শিক্ষার্থীদের কথা শোনেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়মিত ক্লাস না হওয়া, ল্যাব সুবিধার ঘাটতি, পুরোনো যন্ত্রপাতি এবং দক্ষ শিক্ষকের অভাবে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তারা জানান, হাতে-কলমে শেখার সুযোগ সীমিত হওয়ায় বিষয়গুলো ভালোভাবে বোঝা কঠিন হয়ে পড়ছে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী জানান, পর্যাপ্ত প্র্যাকটিক্যাল ক্লাস না হওয়ায় তারা কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে সীমিত সুবিধা ও আধুনিক যন্ত্রপাতির অভাবে কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।
অষ্টম সেমিস্টারের এক শিক্ষার্থী অভিযোগ করেন, শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের জন্য পাঠানোর ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে এবং ঢাকার ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চুক্তি রয়েছে এবং শিক্ষার্থীদের সেখানে কাজের সুযোগ দেওয়ার কথা। কেন তা বাস্তবায়ন হচ্ছে না, তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন প্রকল্প নেওয়া হবে। শিক্ষার্থীদের সমস্যা শুনে বাস্তবসম্মত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাফিজ/ আয়না নিউজ