রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন) সহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিনকে এক নম্বর আসামি করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে অধ্যাপক ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদা দাবি ও মব সৃষ্টির ঘটনা ঘটে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।
পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
হাফিজ/ আয়না নিউজ