আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবী সমাজে কাম্য নয়। আইন পেশায় নৈতিকতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, অবসরে যাওয়া বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগ দেওয়ার কোনো প্রক্রিয়া থাকলে তা সুপ্রিম কোর্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন :
ভারত সফরকে ঘিরে ভিসা ইস্যুতে অগ্রগতির ইঙ্গিত
তিনি জানান, সংসদ সদস্যদের গবেষণামূলক কাজের জন্য একজন করে ইন্টার্ন যুক্ত করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে এ প্রতিষ্ঠানের বাজেট বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। বার কাউন্সিলের পরীক্ষাকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
হাফিজ/ আয়না নিউজ