পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
প্রতিবছরের মতো এবারও শোভাযাত্রায় দেশীয় ঐতিহ্যের পাশাপাশি সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুর প্রতিফলন দেখা গেছে। অংশগ্রহণকারীদের হাতে থাকা নানা প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম সবার দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ডটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এছাড়া শোভাযাত্রায় ‘বাঁচাও সুন্দরবন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’ এবং ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান দেখা যায়। এসব বার্তার মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ, কৃষি, শিক্ষা এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ইস্যু তুলে ধরেন।
শোভাযাত্রাজুড়ে ছিল ঢোল, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রের সুর, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। রঙিন মুখোশ, আলপনা ও লোকজ মোটিফে সাজানো শোভাযাত্রা নগরজীবনে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ছাপ ফুটিয়ে তোলে।
নববর্ষ উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। চৈত্র সংক্রান্তির দিন বিকেল থেকে রাত পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে, বর্ণিল আয়োজন ও সামাজিক বার্তায় ভরপুর বৈশাখী শোভাযাত্রা নতুন বছরের সূচনাকে করে তুলেছে আরও অর্থবহ।
হাফিজ/ আয়না নিউজ