নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ (সোমবার) আবারও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ফলে সিরিজে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে শুরু করতে হচ্ছে ফিল্ডিং দিয়ে।
প্রথম ম্যাচে ২৬ রানের পরাজয়ের পর এই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। টস শেষে ল্যাথাম জানান, উইকেট আগের ম্যাচের তুলনায় কিছুটা ভিন্ন মনে হলেও ভেতরের অংশ এখনো শুষ্ক রয়েছে, যা ব্যাটিংয়ের জন্য সহায়ক হতে পারে। তাই তারা আবারও রান তোলার দিকেই মনোযোগ দিতে চেয়েছেন। একই একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচের হার হতাশাজনক হলেও দল এখনো সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছে। তিনি মনে করেন, ভালো ক্রিকেট খেলতে পারলে ফল নিজেদের পক্ষে আনা সম্ভব। পেস বোলিং ইউনিট নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। একমাত্র পরিবর্তন হিসেবে আফিফ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।
বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে আছেন হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুর্ক ও জেইডেন লেনক্স।
এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি সিরিজ জয় থেকে এক ধাপ এগিয়ে যাবে নিউজিল্যান্ড।
হাফিজ/ আয়না নিউজ