| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ হাজার ৩৩৩ শিক্ষার্থী

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 378 বার পঠিত
সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ হাজার ৩৩৩ শিক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি: আগামীকাল (মঙ্গলবার) থেকে সারাদেশের মতো সাতক্ষীরাতেও শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর জেলায় মোট ১৪ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতটি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।

এবারের পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন যা রোটেশনাল ডিউটি হিসেবে কার্যকর করা হয়েছে। এতে করে পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইতোমধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, পরীক্ষার্থীদের মধ্যেও রয়েছে উৎসাহ ও প্রস্তুতির আমেজ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সাদমান ছালেহীন বলেন, “প্রস্তুতি মোটামুটি ভালো। প্রশ্ন ভালো হলে পরীক্ষাও ভালো হবে।” এক অভিভাবক জানান, বর্তমানে পরীক্ষায় নকলের প্রবণতা অনেকটাই কমে গেছে।

অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। বোর্ডের আওতাধীন ২ হাজার ৫৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪