নড়াইল সদর উপজেলায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক মা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বরাশুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বরাশুলা এলাকায় পৌঁছালে রেললাইনে হাঁটছিলেন ওই মা ও ছেলে। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
হাফিজ/ আয়না নিউজ