আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।
আইসিসির বিবৃতি অনুযায়ী, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এতে বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন কোনো আচরণ, অঙ্গভঙ্গি বা ভাষা ব্যবহার করা যাবে না, যা প্রতিপক্ষকে অবমাননা করে বা উসকানিমূলক হতে পারে। ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান, যা এই ধারার আওতায় পড়ে।
অন্যদিকে শারমিন সুলতানা আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর তিনি ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা বিলম্বে মাঠ ত্যাগ করেন।
জরিমানার পাশাপাশি দুই ক্রিকেটারের শৃঙ্খলা রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। তবে গত ২৪ মাসে এটিই তাদের প্রথম অপরাধ হওয়ায় বড় কোনো শাস্তি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ম্যাচটিতে ৪ উইকেটের জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা নারী দল। দুই ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
হাফিজ/ আয়না নিউজ