চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) রাকিবুল হাসান।
তিনি জানান, প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান এবং তার বন্ধুর কাছ থেকে বিভিন্ন সময়ে বড় অঙ্কের অর্থ গ্রহণ করেন দেবু প্রসাদ রায়।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তিনি ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার একটি বাসায় গিয়ে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে আরও ৬ কোটি টাকা গ্রহণ করেন।
এছাড়া বিকাশ, নগদ ও রকেটের বিভিন্ন নম্বরে ধাপে ধাপে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়।
এ বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হিাফিজ/ আয়না নিউজ