গাজীপুরে টঙ্গীর বনমালা এলাকায় নিজের ঘর থেকে ছেলে সাকিব হোসেন (১৮) এবং রেললাইন এলাকা থেকে বাবা সোহেল হোসেন (৫২)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানিয়েছে,শনিবার রাতের কোনো এক সময় সাকিবের মুখে কাপড় গুঁজে দিয়ে তার হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্যদিকে সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর বনমালা রেললাইনের পাশে পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন-
সাকিব রাজধানীর উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সাকিবের বাবা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পাশের কক্ষে ঘুমিয়ে থাকা নিহতের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এফএ/ আয়না