ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে একাধিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আসিফ মাহমুদ দাবি করেন, শেখ হাসিনা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত এবং তাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাবে বলেন, চাইলে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠানোর ব্যবস্থা করতে পারেন, এরপর বিষয়টি বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আইনগতভাবে দেখবে।
একই সংবাদ সম্মেলনে এনসিপি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর তালিকাও ঘোষণা করে। দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দলটি বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এ ঘটনায় দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ