| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যাকাণ্ডে ‘বিতর্কিত মন্তব্য’ : মমতার বিরুদ্ধে এফআইআর

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 234 বার পঠিত
হাদি হত্যাকাণ্ডে ‘বিতর্কিত মন্তব্য’ : মমতার বিরুদ্ধে এফআইআর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলার প্রতিবেদনে বলা হয়, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ না করলেও বাংলাদেশে সংঘটিত এক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–এর নামও উল্লেখ করেন।

অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যের ফলে ভারতের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। সেই কারণেই সাইবার ক্রাইম থানায় এফআইআর করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে একটি বড় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি তথ্য জানেন, তবে দেশের স্বার্থ ও বাংলাদেশের স্থিতিশীলতার কথা বিবেচনায় নাম প্রকাশ করেননি। তিনি দাবি করেন, সীমান্ত পেরিয়ে আসা সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় ঢাকার পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪