ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতাকে ঘিরে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা কল্পণা তৈরি হয়েছে। এমনও শোনা যাচ্ছে ভিভিএস লক্ষ্মণ লাল বলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অনেকটাই। তবে বিসিসিআই পরিষ্কার জানিয়েছে, দলের পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন গম্ভীর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে আপাতত বরখাস্ত করার কোনো চিন্তা-ভাবনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে বিসিসিআই ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে টেস্ট দলের দুর্বলতা, ব্যর্থতার কারণ এবং পুনর্গঠনের রোডম্যাপ নিয়ে আলোচনায় গম্ভীরের মতামত গুরুত্ব সহকারে শোনা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গম্ভীরকে ঘিরে সমালোচনার জবাবে সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, ‘কোচ দিকনির্দেশনা দিতে পারে, দল তৈরি করতে পারে, কিন্তু মাঠে পারফর্ম করতে হয় খেলোয়াড়দের। গম্ভীরের নেতৃত্বে ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ জিতেছিল, তখন তো কেউ বলেনি তাকে আরো লম্বা সময় কোচ রাখা হোক। শুধু হারলেই কোচকে দায়ী করা ঠিক নয়।’
তবে সূত্রের দাবি বিসিসিআই জানিয়েছে ‘এ মুহূর্তে গম্ভীরকে বদলানোর কোনো পরিকল্পনা তাদের নেই। চুক্তি অনুযায়ী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাকে পূর্ণ সমর্থন দেওয়া হবে।