বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হেরে অ্যানফিল্ডে গত ১৪ গ্রুপ-স্টেজ ম্যাচে প্রথমবার পরাজয়ের মুখ দেখে লিভারপুলের দুঃস্বপ্নের মৌসুম আরও গভীর হলো। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে ওঠে পিএসভি। আর ৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থান পায় লিভারপুল।
ম্যাচ শুরুর মাত্র ছয় মিনিটে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের করা অদ্ভুত এক হ্যান্ডবলে পেনাল্টিতে পেরিসিচ গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে ভুল পথে পাঠিয়ে গোল পায় পিএসভি। যদিও ১৬ মিনিটে লিভারপুল কিছুটা জেগে উঠলে ডমিনিক শোবোশ্লাই খেলায়সমতা ফেরান। কৌহাইব দ্রিউয়েচ জোড়া গোল, গুস টিলের গোল আর ইভান পেরিসিচের পেনাল্টি জয় এনে দেয় পিএসভিকে।
লিভারপুল আশা করেছিল ইউরোপীয় ম্যাচটি তাদের দুরবস্থা থেকে কিছুটা মুক্তি দেবে কিন্তু ম্যাচে ২৬টি শট নিয়েও গোল বাড়াতে পারেনি তারা। যদিও প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে শীর্ষ আটে থাকার লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় ছিল লিভারপুল।
পুরো ম্যাচে লিভারপুলের খেলা মোটেই প্রিমিয়ার লিগ জয়ী দলের মতো না থাকায় অসন্তুষ্ট দর্শকদের অনেকেই মাঠ ছেড়ে চলে যান শেষ বাঁশি বাজার আগেই। লিভারপুল এই মৌসুমে অ্যানফিল্ডে ২০২৪-২৫ মৌসুমের চেয়ে বেশি ম্যাচ হেরেছে। এরিদিভিজির শীর্ষে থাকা পিএসভির বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের আশা করেছিল লিভারপুল, এবং সেই চ্যালেঞ্জ আরও বেদনাদায়ক পরাজয়েই রূপ নিল।