চীনের চংকিনে এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে আজ বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের জয়রথ অব্যাহত। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেছেন।
এএফসি অ-১৭ টুর্নামেন্ট বাছাইয়ে এ গ্রুপে থাকা বাংলাদেশ চার জয় শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। এই গ্রুপের স্বাগতিক চীন আজ স্থানীয় সময় বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে।
৩০ নভেম্বর গ্রুপের অঘোষিত ফাইনাল বাংলাদেশ ও চীনের ম্যাচটি । স্বাগতিক চীনকে বাংলাদেশ হারাতে পারলে পুরুষ বয়স ভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে। চীন আজ শ্রীলঙ্কাকে হারালে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
বাংলাদেশ প্রথম তিন ম্যাচে ১৮ গোল করেছিল তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের বিপক্ষে। আজ বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয় ফয়সালদের। প্রথমার্ধে বাংলাদেশ একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। রিফাত কাজী ২০ ও ২৮ মিনিটে দু'টি গোলের সুবর্ণ সুযোগ মিস করেন। পরবর্তীতে ডিফেন্ডার কামাল গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে গোল খাওয়া থেকে রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইনে বায়জিত গোল করেন। ৭২ মিনিটে ফয়সাল অসাধারণ পাস থেকে মানিক লম্বা শটে দর্শনীয় গোল করেন। ৮৫ মিনিটে বাহরাইনের হোসেন জুবায়েরের একটি গোলের পরে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে উচ্ছ্বসিত হয়ে বলেন আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করল। সাহস এবং ধৈর্য্যর সঙ্গে খেলা শেষ করেছে। এজন্য ছেলেদের ধন্যবাদ জানাই।'