সৌদি আরবে প্রথমবারের মতো হতে যাচ্ছে নারীদের পেশাদার টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট। ফেয়ার ব্রেক আয়োজিত এই লিগে অংশ নেবে বিশ্বের ৩৫টি দেশের নারী ক্রিকেটার। ছয় দলের এই টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আইসিসি।
নারীদের ক্রীড়াঙ্গনে সমতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত ফেয়ার ব্রেক এরই ধারাবাহিকতায় এবার সৌদি আরবকে বেছে নিয়েছে প্রথমবারের মতো বড় কোনো নারীদের টি–২০ লিগ আয়োজনের জন্য। দেশটির ভিশন ২০৩০–এর অংশ হিসেবে নারীদের ক্রিকেট সামনে এগিয়ে নিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করতে সৌদি আরব সাম্প্রতিক সময়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে জেদ্দায়। আইপিএলের সঙ্গে সৌদির প্রতিষ্ঠানের রয়েছে মোটা অঙ্কের স্পন্সরশিপ চুক্তি।
এছাড়া আসন্ন মৌসুম থেকে সৌদিতে আয়োজন করা হবে আইএল টি-২০–এর কিছু ম্যাচ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই অন্তত একজন করে সৌদি ক্রিকেটার রাখার বাধ্যবাধকতাও থাকছে।
এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো দেশটিতে আয়োজন করা হচ্ছে নারীদের টি–২০ লিগ যা সৌদি আরবের ক্রিকেটযাত্রায় বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।