ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে নিউজিল্যান্ড জ্যাকব ডাফির টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দাপটে। ম্যাট হেনরির তিন উইকেট যোগ হলে অতিথিরা অলআউট হয় মাত্র ১৬৭ রানে, যেখানে কিউইদের প্রথম ইনিংসের রান ছিল ২৩১। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩২ রানে বিনা উইকেটে থেকে নিউজিল্যান্ড লিড বাড়িয়ে নেয় ৯৬ রানে।
সকালে নিউজিল্যান্ডের শেষ উইকেট তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ-জ্যাক ফাউকসকে। লেগ সাইডে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান জেডেন সিলসকে। দ্বিতীয় ওভারেই ফাউকসের প্রথম বলেই জন ক্যাম্পবেল স্লিপে ক্যাচ তুলে দিলে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। হেনরি দারুণ এক ইনসুইংয়ে আলিক আথানাজের স্টাম্প উড়িয়ে দেন। ১২ ওভার শেষে উইন্ডিজের স্কোরবোর্ড তখন মাত্র ১০ রান ২ উইকেট হারিয়ে।
শাই হোপ ও ত্যাগনারিন চান্দারপল ধীরগতির ইনিংস খেলে সামাল দিতে চেষ্টা করেন পরিস্থিতি। ২৩তম ওভারে প্রথম বাউন্ডারি মারেন হোপ । ৫ ও ২৪ রানে দুইবার ফিল্ডার ডেভন কনওয়ে চান্দারপলের ক্যাচ ফেলে দেয়ায় নিজের ধীর, সতর্ক ব্যাটিংয়ে ফিফটি পেয়ে যান।
লাঞ্চের পর ফিফটি পূর্ণ করেন হোপ । দারুণভাবে জমে ওঠা ৯০ রানের এ জুটি ভাঙে ডাফির সংক্ষিপ্ত-দৈর্ঘ্যের আক্রমণে। বাউন্সার গ্লাভে লেগে টম ল্যাথামের হাতে ক্যাচ দিলে আউট হন হোপ। এর পরপরই হেনরি এক ওভারেই তুলে নেন দুজনকে-রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস দুজনই শূন্য রানে ক্যাচ-বিহাইন্ড।
চান্ডারপল টেভিন ইমলাকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েছিলেন, কিন্তু স্কয়ার লেগে চমৎকার ডাইভে কনওয়ে তার ক্যাচটি এবার ধরতে সক্ষম হন।