ব্রাজিল সিরি ‘এ’ লিগের রোমাঞ্চকর শেষ দিনে অবনমন এড়াতে অসম্ভব গুরুত্বপূর্ণ এক জয়ে ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। চোটের সঙ্গে লড়াই করে মাঠে নামা নেইমার এই ম্যাচসহ শেষ দিকের কয়েকটি খেলায় ছিলেন দলের প্রাণভোমরা।
পেলের নামের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ক্লাবটি ইতিহাসে প্রথমবার অবনমিত হয়েছিল ২০২৩ সালে পেলের মৃত্যুর এক বছরেরও কম সময় পর। তাই চলতি মৌসুমে অবনমন এড়ানোই ছিল সান্তোসের প্রধান লক্ষ্য। জানুয়ারিতে ক্লাবে ফিরে আসা নেইমার সেই লক্ষ্য পূরণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
লিগের শেষ তিন ম্যাচেই নেইমারের প্রভাব ছিল চোখে পড়ার মতো। স্পোর্ট রেসিফের বিপক্ষে ৩-০ জয়ে করেছিলেন একটি গোল, জুভেন্তুদের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক। আর শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে মূল প্লেমেকারের ভূমিকায় থেকে দলকে তৈরি করে দিয়েছেন বহু গোলের সুযোগ। রোববার ভিলা বেলমিরো স্টেডিয়ামে থাসিয়ানো ২৬ ও ২৮ মিনিটে এবং জোয়াও শ্মিট ৬০ মিনিটে গোল করে নিশ্চিত করেন দাপুটে জয়। ৪৭ পয়েন্ট নিয়ে সান্তোস শেষমেশ লিগ শেষ করেছে ১২তম স্থানে।
মৌসুমজুড়ে চোটের কারণে মাত্র ১৯ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার; করেছেন আটটি গোল। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি এ জন্যই ফিরে এসেছি, যতটা পারি সাহায্য করতে। গত কয়েক সপ্তাহ ছিল খুব কঠিন। যারা আমাকে দাঁড় করিয়েছে, তাদের ধন্যবাদ বিশেষ করে হাঁটুর চোট নিয়ে আমি নাহলে মাঠেই নামতে পারতাম না।”
অন্যদিকে, আগেই নিজেদের নবম ব্রাজিলিয়ান লিগ শিরোপা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। সিয়ারার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে তারা শিরোপা ঘরে তোলে। গত মাসে দলটি ঘরে তুলেছে কোপা লিবার্তাদোরেসও এক মাসে দুই বড় শিরোপায় রাঙিয়েছে মৌসুম।